সিলেট প্রতিনিধি | সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট | 179 বার পঠিত
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা-পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, বিএনপির নেতা আবুল কাশেমের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচনসহ বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছে। সামনে ১৯ মে সমাবেশ আছে। এসব বিষয় সামনে রেখে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাতে সরকার পুলিশকে ব্যবহার করে ধরপাকড় শুরু করেছে। তবে এতে কোনোভাবেই আন্দোলন বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
২০ মে সমাবেশ করে সিটি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী। ১ মে শ্রমিক দিবসের অনুষ্ঠানে তিনি ওই ঘোষণা জানিয়েছিলেন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ওই ঘোষণার পর থেকে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে এক অনুষ্ঠানে মেয়র আরিফুল হক অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতি উৎসাহী হয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। অনেক কর্মকর্তাকে বদলিও করা হচ্ছে। এগুলো নির্বাচনকে প্রভাবিত করারই ইঙ্গিত।
Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।