| শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 245 বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কওমি মাদ্রাসা থেকে জঙ্গি সৃষ্টি হয় না। আমরা যখন জঙ্গি দমনের অভিযান শুরু করি তখন আলেম-ওলামারা সহযোগিতা করেছেন। উনারা মসজিদে-মসজিদে গিয়ে বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে রক্তপাতের কোনো স্থান নেই। এতে আমাদের জঙ্গি দমন অভিযান সফল হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় মুয়াজ্জেম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইসলামের সৌন্দর্য ছড়িয়ে আলেম-ওলামারা দেশকে আলোকিত করেন। ভুলত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেবেন। কওমি মাদ্রাসার কণ্ঠরোধ হোক, সেটা আমরা চাই না। কওমি মাদরাসার যে সিলেবাস সেটা মাদ্রাসা বোর্ডই তৈরি করে, সেখানে আমরা কোনো হাত দিই না।’
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় হাটহাজারীর সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
জানা গেছে, মাদ্রাসায় পৌঁছে আসরের নামাজ আদায়ের পর মন্ত্রী প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মাদ্রাসা ছেড়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। মরহুম শাহ আহমদ শফী হুজুর একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ছিলেন। উনি আমাকে খুব স্নেহ করতেন। উনার মৃত্যুর পর কয়েকবার মাদ্রাসায় আসার চেষ্টা করেছি। কিন্তু সময়-সুযোগের অভাবে পারিনি। আজ এসে শফী হুজুরের কবর জেয়ারত করলাম।’
এদিকে মঙ্গলবার হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ ইয়াহইয়া ঈদুল ফিতরের আগেই মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করে বিবৃতি দেন। মুক্তি না দিলে দেশের অস্থির রাজনৈতিক অঙ্গনে তৌহিদী জনতাকে শান্ত রাখা কঠিন হয়ে পড়বে বলে সরকারকে হুঁশিয়ার করেন তারা।
এই বিবৃতির দুইদিন পরেই হেফাজতের ঘাঁটি হিসেবে পরিচিত ‘হাটহাজারী বড় মাদ্রাসা’ ঘুরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
Posted ১২:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।