নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 165 বার পঠিত
খেজুরের উপকারিতার কথা কম-বেশি সবার জানা। এই ফলে থাকে নানা ধরনের পুষ্টি উপাদান। খেজুরে থাকা ফাইবার ও আয়রন শরীরের অনেক উপকারে আসে। খেজুরে প্রাকৃতিক মিষ্টি থাকে, যে কারণে এটি চিনির বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে এতে। নিয়মিত খেজুর খেলে তা স্বাস্থ্যের উন্নতি করে, হার্টের স্বাস্থ্য বজায় রাখে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।
বিশেষজ্ঞরা বলেন, ভিজিয়ে রাখা খেজুর সকালে খালি পেটে খেতে হবে। তাহলেই এটি শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেবে। খেজুর কেন ভিজিয়ে রেখে তারপর খাবেন? চলুন জেনে নেওয়া যাক-
খেজুর ভিজিয়ে রাখলে তাতে উপস্থিত ট্যানিন বা ফাইটিক অ্যাসিড দূর হয়, যা এর পুষ্টিগুণকে সহজে শোষণ করে। ভিজিয়ে রাখলে এই ফল সহজে হজম হয়। আপনার যদি এই অভ্যাস আগে থেকে না থাকে তবে শুরু করতে পারেন। ভিজিয়ে রাখা খেজুর নিয়মিত খেলে উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন।
আপনি যদি খেজুরের স্বাদ নিতে চান এবং সেগুলো থেকে পুষ্টিও শোষণ করতে চান তবে খাওয়ার আগে সারারাত (অন্তত ৮-১০ ঘণ্টা) ভিজিয়ে রাখুন। এরপর সকালে উঠে খালি পেটে সেই খেজুর খান। এতে সারাদিন সতেজ অনুভব করবেন। খেজুর দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে কাজ করবে।
ওজন কমাতে চান তাদের জন্য খেজুর কার্যকরী একটি খাবার। কারণ খেজুরে প্রচুর ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়ার সুযোগ দেয় না। তাই নিয়মিত ভেজানো খেজুর খেলে তা ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে দেয়। সেইসঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। প্রতিদিন অন্তত ২টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যাবে।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।