নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। এর মধ্যে পরবর্তী কারিগরি আলোচনার জন্য একটি কার্যপদ্ধতি বা প্রক্রিয়া তৈরি করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া, সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এই কমিটি মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক বিষয়গুলো তদারকি বা পর্যালোচনা করবে।
প্রধান আলোচকেরা নিয়মিত এই কমিটির কাছে প্রতিবেদন জমা দেবেন। তারা পরমাণু সমস্যা এবং নিষেধাজ্ঞা বিষয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপগুলোর নেতৃত্ব দেবেন। এর পাশাপাশি সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এবং অন্যান্য বিষয়ে একটি পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি গ্রুপের নেতৃত্বও দেবেন তারা।
আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য এই উচ্চপর্যায়ের কমিটি একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। এটি অবিলম্বে পরবর্তী কারিগরি আলোচনা শুরু করার ভিত্তি তৈরি করেছে।
এ ছাড়া, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বোঝাবুঝি এড়াতে পক্ষগুলোর মধ্যে একটি যোগাযোগ লাইন গঠন করা হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়টি নিশ্চিত করতে একটি সংঘাত এড়ানোর সেল গঠনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলো এবং লেবানন প্রজাতন্ত্রের মধ্যে এই সেলটি গঠিত হবে। আর এতে সুবিধা প্রদানকারী হিসেবে ভূমিকা রাখবেন মধ্যস্থতাকারীরা। সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়টি মেনে চলা নিশ্চিত করতেই এই সেল গঠন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রথম দিনে ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিনিধি বাঘাই।
তিনি বলেছেন, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে এই অবস্থানে অটল ছিল ইরানি প্রতিনিধিদল।
আলোচনায় তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ইস্যু করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তির বিষয়েও কথা হয়েছে।
বাঘাই জানিয়েছেন, এসব বিষয়ে ‘ভালো অগ্রগতি’ হয়েছে।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিষয়ে কারিগরি আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।
কূটনীতি এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রতি অবিচল প্রতিশ্রুতি বজায় রাখার জন্য মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।
একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা যাতে গঠনমূলক পরিবেশে চলতে পারে, সেজন্য মধ্যস্থতাকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র : আল-জাজিরা
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।