নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 144 বার পঠিত
জনদাবি উপেক্ষা করে অবৈধ সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। একই সঙ্গে অবিলম্বে পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ চলাকালে এ দাবি করেন নেতৃবৃন্দ।
অবৈধ সরকারের পদত্যাগের ১ দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামত ও সংস্কারের ২ দফা গণ-আন্দোলনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম-সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক। দলের সিনিয়র সহকারী সদস্য-সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দলের সদস্য-সচিব মজিবুর রহমান মন্জু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব আক্তারুজ্জামান ও ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতি, অর্থপাচার, লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে, তাতে পরিস্থিতি খুবই স্পষ্ট, অবৈধ এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে। অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে মজিবুর রহমান মঞ্জু সরকারকে উদ্দেশ্য করে বলেন; আল্লাহর ওয়াস্তে এবার পদত্যাগ করে দেশ ও জাতিকে মুক্তি দিন।
তিনি আরও বলেন, প্রবাসী সন্তানের ফেসবুকে স্বাধীন মতপ্রকাশের অপরাধে দেশে ‘মা’কে গ্রেপ্তারের জঘন্য উদাহরণ আওয়ামী লীগের নামের পাশে চিরদিন ঘৃণ্য কালো ইতিহাস হিসেবে লেখা থাকবে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার থেকে সরে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নতুন ভাবে বাকশাল কায়েমের ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রধানমন্ত্রী ভুলে গেছেন পৃথিবীর কোনো স্বৈরাচার জনগণের ওপর জুলুম করে টিকে থাকতে পারেনি, তিনিও পারবেন না, সময় ফুরিয়ে আসছে। তিনি সমঝোতার মাধ্যমে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, এই অবৈধ জালিম সরকার মত প্রকাশের সব স্বাধীনতা হরণ করেছে। জনগণ নিজের ভোট নিজে দিতে চায়। বিগত নির্বাচনের ন্যায় সরকারি কর্মচারী দিয়ে রাতের ভোট আর সম্ভব হবে না। দ্রুত পদত্যাগ করুন, জনগণের অধিকার ফিরিয়ে দিন। জনতার রোষ থেকে নিজেকে এবং একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে বাঁচার সুযোগ দিন।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তর নেতা সেলিম খান, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুবনেতা মাসুদ জমাদ্দার রানা ও নারী নেত্রী জেসমিন আক্তার মুক্তাসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদী অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়
Posted ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।