নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত
গত কয়েকদিনের ভারি বর্ষণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার পুকুর ও মাছের ঘের। এতে সরকারি হিসাবে প্রায় ৭১২ কোটি ৯১ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
লন্ডভন্ড হয়ে গেছে পুকুর ও মৎস্য ঘের মালিকদের সাজানো খামার। প্রায় ৫৭৪ কোটি টাকার মাছের পোনা ভেসে গেছে। সর্বস্ব হারিয়ে মাছ চাষিদের এখন পথে বসার অবস্থা। তবে সরকার মাছ চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক বলেন, মৎস্য চাষিরা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এটা বাস্তবতা। ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা করে প্রান্তিক মাছ চাষিদের সহায়তার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। কি ধরণের সাহায্য সরকার করবে তা এখনি বলা যাবে না। তবে তারা যাতে নামমাত্র সুদে ব্যাংক ঋণ পান সে বিষয়ে জোর সুপারিশ থাকবে। মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে। ব্যাংকগুলো যাতে মাছ চাষিদের বিপদে পাশে দাঁড়ায়।
পুকুর ও ঘেরে পুনরায় মাছের পোনা ছাড়ার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহায়তা করবেন। মাছের পোনা যাতে সহজেই পাওয়া যায় তা নিশ্চিত করবে সরকার। এতে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিনের ভারি বর্ষণে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের ৮টি জেলা এবং ৫৩টি উপজেলার মাছ চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব জেলায় ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি ও খামার ৪৩ হাজার ৮৭৪টি।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও খামার মালিকের সংখ্যা ২৪ হাজার ৫ জন। ভেসে যাওয়া মাছের পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৪৮ টন। প্রায় ২০ কোটি ৮২ লাখ মাছের পোনা বর্ষার পানিতে ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের পোনার বাজার মূল্য প্রায় ৫৭৪ কোটি ৩১ লাখ টাকা। পুকুর ও ঘেরের পাড় ভেঙে মাছ ভেসে গিয়ে প্রায় ১৬৫ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭১২ কোটি ৯১ লাখ টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ৩৫টি উপজেলা। শুধু ময়মনসিংহ বিভাগে ক্ষতি হয়েছে প্রায় ৬৫৮ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া দেশের অন্যান্য জেলা উপজেলায় ক্ষতিগ্রস্ত পুকুর ও ঘেরের তালিকা তৈরির কাজ চলছে।
RM
Posted ৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।