| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এবার দেশের দুর্গম দ্বীপ কুতুবদিয়া বিদ্যুতের আলোয় আলোকিত হলো। গত বুধবার রাত সোয়া ৯ টার দিকে জাতীয় গ্রীড থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শামিম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথমবারের মতো গ্রীডভিত্তিক বিদ্যুতের আওতায় আসার ফলে ওই এলাকার আর্থ সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছেন দুর্গম এই দ্বীপের বাসিন্দারা।
দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।
মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে স্বাভাবিক লাইন নির্মানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কোন সুযোগ না থাকায় সাবমেরিন ক্যাবল ব্যাবহার করা হয়েছে। এটি ব্যয়বহুল হওয়া সত্বেও শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।
কক্সবাজারের মাতারবাড়ী উপকেন্দ্র হতে রিভারক্রসিং টাওয়ারের মাধ্যমে ৩৩ কেভি ওভারহেড লাইন, কুতুবদিয়া চ্যানেলের তলদেশে ফাইবার অপটিক সহ ৫ কিঃমিঃ ডাবল সার্কিট ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন এবং কুতুবদিয়া দ্বীপে ৩৩/১১ কেভি উপকেন্দ্র চালুর মাধ্যমে জাতীয় গ্রীডের সাথে সংযুক্ত করে কুতুবদিয়া দ্বীপকে বিদ্যুতায়ন করা হয়েছে। এর মাধ্যমে কুতুবদিয়া দ্বীপের শতভাগ জনগোষ্টি বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
দ্বীপটির প্রায় ২১৫ বর্গকিলোমিটার এলাকায় বর্তমানে প্রায় ২ লাখ মানুষ বসবাস করেন। এখানে ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬০০ গ্রাহকের মধ্যে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি ভাঙায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় স্বল্প আকারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ২০০৫ সালে দেড় কিলোমিটার লাইন মেরামত করে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও কিছু এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি।
মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের বিশেষায়িত এই প্রকল্পের আওতায় গত বছরের ১১ নভেম্বর নোয়াখালির হাতিয়া দ্বীপে বিদ্যুতায়ন হয়েছে। বর্তমানে হাতিয়া দ্বীপে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুত সুবিধা পাচ্ছেন।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।