নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 130 বার পঠিত
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় গত বছরের জুন মাসে। চালু হয় স্বপ্নের পদ্মা সেতু। এবার সেই সেতু ব্যবহার করে ট্রেনযাত্রার স্বপ্নও পূরণ হতে চলছে। পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে প্রথমবার ফরিদপুরের ভাঙ্গা পৌঁছেছে ট্রেন। প্রমত্তা পদ্মার বুকে ঠাঁই দাঁড়িয়ে থাকা সেতু পার হতে সময় লাগে মাত্র আট মিনিট।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর থেকে ভাঙ্গার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। বেলা ১১টা ২৬ মিনিটে পদ্মা সেতুতে ওঠে। মূল সেতুর নিচে তৈরি করা রেললাইনের উপর দিয়ে ঠিক ১১টা ৩৪ মিনিটে পদ্মা সেতুর ওপারে পৌঁছায় ট্রেনটি। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু ট্রেনে করে পাড়ি দিতে সময় লেগেছে আট মিনিট।
ট্রেনে করে ওপারে যাওয়া রাজনীতিবিদ, রেলওয়ের কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য পদ্মা সেতু পাড়ি দেওয়ার ক্ষণটি ছিল স্বপ্ন জয়ের মতো। সবাই ছিলেন উচ্ছ্বসিত। অনেকে সেতু পার হওয়ার ক্ষণটি মুঠোফোনে ধারণ করে রেখেছেন। কেউ আবার ফেসবুক লাইভ করে অন্যদের জানানোর চেষ্টা করেছেন।
তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু দিয়ে আগামী ১০ অক্টোবর ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে হয়ে গেল পরীক্ষামূলক ট্রেন চলাচল। পরীক্ষামূলক এই রেলযাত্রায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ রেলওয়ে ও প্রকল্পের কর্মকর্তারা সবকিছু পর্যবেক্ষণ করেছেন।
রেল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন ১০ অক্টোবর। সেদিন একটি সুধী সমাবেশও অনুষ্ঠিত হবে। জানা গেছে, পুরো প্রকল্প যশোর পর্যন্ত। যা ২০২৪ সালের জুনে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে এ বছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। শুরুতে একটি ট্রেন পরিচালনা করা হবে। প্রকল্প কার্যালয় থেকে ঢাকা-পদ্মা সেতু-রাজবাড়ী রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে।
রেলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, উদ্বোধনের সময় সব স্টেশন এবং পুরো সংকেতব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা কম। শুরুতে তিনটি স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা থাকবে। স্টেশনগুলো হচ্ছে মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। এছাড়া মুন্সীগঞ্জের নিমতলা স্টেশনটিও চালুর চেষ্টা চলছে।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন থেকে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ যাতায়াতে ব্যাপক সুফল ভোগ করছেন।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।