| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 268 বার পঠিত
রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। ঈদের আগ মুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো কোনো নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।’
তিনি বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য।
তিনি আরও বলেন, ‘এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি।’ জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।