বাংলা পোস্ট বিডি | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশ শেষে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যান যুবলীগের নেতারা।
স্মারকলিপি দেয়া শেষে সাংবাদিকদের ফজলে শামস পরশ বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। বিদেশে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করতে হবে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি মাইনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তর যুবলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।