নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 119 বার পঠিত
কমপ্লিট শাটডাউন কর্মসূচীর আওতায় রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এর ফলে কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতেও পারছেনা। যার কারলে সড়কে বের হওয়া যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে মহাসড়কে।
অসমর্থিত সূত্রে জানা যায় কমপ্লিট শাট ডাউনের কারনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জ্যাম কুমিল্লা গিয়ে ঠেকেছে। কারন গতরাত থেকেই এই সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। ফলে গতরাত থেকে এই পথের কোন গাড়ী ঢাকায় প্রবেশ করতে পারেনি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার ও কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দেওয়ার কারণে ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। ফলে অনেক গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি। পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসও রয়েছে।
অপরদিকে, মাতুয়াইল মেডিকেল এলাকায় ব্যারিকেডের কারণে কোনো যানবাহন ঢাকায় ঢুকতে পারছে না।
এদিকে সকাল থেকে ব্যস্ত রাজধানীর প্রধান প্রধান সড়কে যান চলাচল কম দেখা গেছে। অন্যান্য সময়ের তুলনায় পথচারী ও অফিসগামীদের চলাচল কিছুটা কম হলেও ফার্মগেট কারওয়ান বাজার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের নেতাকর্মী কাউকেই দেখা যায়নি। তবে সড়কে যানবাহনের চলাচল অনেকটা কম। অনেকটা শুনশান নিরবতা নেমে এসেছে ব্যস্ত রাজধানীর সড়কজুড়ে।
সড়কে বিআরটিসির বাস বেশি চলাচল করলেও অন্যান্য গণপরিবহন খুব একটা চোখে পড়ছে না। ব্যাক্তিগত গাড়িও খুবই কম সংখ্যক চলাচল করতে দেখা গেছে। তবে সিএনজি ও রিকসা স্বাভাবিকভাবেই চলাচল করছে। মেট্রোরেল চলাচলও স্বাভাবিক আছে।
তবে বেলা বাড়ার সাথে ধীরে ধীরে খুলতে শুরু করেছে ফার্মগেট কাওরান বাজার, বাংলামোটর এলাকার দোকান ও শপিংমলগুলো।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।