| বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে এই আদেশ দিলেন আদালত। আগামী ১৮ এপ্রিলের মধ্যে ইমরানকে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মালিক আরমান এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন রিজওয়ান আব্বাসি। অপরদিকে ইমরানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী ফয়সাল চৌধুরী।
শুনানিকালে ইমরানের অনুপস্থিতি নিয়ে আপত্তি তোলেন বিচারক। এ সময় তিনি বলেন, ইমরান আদালতে হাজির না হলে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জামিন অযোগ্য পরোয়ানায় পরিণত হবে।
এ সময় রিজওয়ান আব্বাসি বলেন, ‘ওয়াজিরাদের ঘটনা নিয়ে ইমরান খানের অনেক অজুহাত শুনেছি। দুই দিন আগেও আদালতে হাজির হয়ে তিনি একই অজুহাত দেখিয়েছিলেন।’ তিনি আরও বলেন, আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতির অনুরোধ প্রতিটি শুনানিতে মঞ্জুর করা হয়েছিল।
সর্বশেষ বিচারকের বক্তব্য আদালতে তুলে ধরেন রিজওয়ান আব্বাসি। তিনি বলেন, বিচারকাজ চলাকালীন টানা অনুপস্থিত থাকায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ১৮ এপ্রিলের মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে ১৩ মার্চ ইমরানের বিরুদ্ধে একই ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন সিনিয়র সিভিল জজ মুজাহিদ রহিম। পরবর্তী সময়ে এই আদেশকে চ্যালেঞ্জ করে জেলা আদালতে যায় পিটিআই।
এদিকে ইমরানের আইনজীবীর দাবি, বেআইনিভাবে ১৩ মার্চ ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। স্বাস্থ্যগত সমস্যা ও প্রাণহানির আশঙ্কায় ইমরান খান আদালতে হাজির হতে পারেননি।
Posted ৯:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।