নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত
গত মাসের ৯ তারিখ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার। কখনো কেবিনে, কখনো সিসিইউতে রেখে চিকিৎসা চলছে তার।
এমন অবস্থায় হঠাৎ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গুঞ্জন শোনা যায় তার অসুস্থতা বেড়েছে। তবে খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৫টার দিকে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, চেয়ারপারসন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলার সিদ্ধান্ত হলে জানানো হবে জানিয়ে শায়রুল বলেন, ডা. জাহিদ হোসেন সবাইকে আল্লাহর দরবারে চেয়ারপারসনের জন্য দোয়ার অনুরোধ করেছেন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে সরকারের প্রতি একাধিকবার আহ্বান জানানো হয়। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। ইতোমধ্যে বেশ কয়েকবার তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।